
সাআদ মাহমুদ। হালুয়াঘাট প্রতিনিধি: মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে প্রতিহত করা না গেলে তারা ধীরে ধীরে আরও প্রভাবশালী হয়ে উঠবে। সোমবার (১০ আগস্ট) বিকেলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৪ নম্বর পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক সাইফুর রহমান। জেলা প্রশাসক বলেন, ‘আপনারা যেভাবে মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ইনশাআল্লাহ আমরা এই সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে না পারলেও সহনীয় পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারব।’ মাদকের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে অনেককে জেল ও জরিমানার আওতায় আনা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য মুহাম্মদ সালমান ওমর রুবেল বলেন, তিনি সবসময় হালুয়াঘাট-ধোবাউড়ার মানুষের কল্যাণে ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানে জেল-জরিমানা করতে বাধ্য হওয়াটা আমার কাছেও কষ্টদায়ক।’ তিনি বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।





























