
শফিকুল স্টাফ রিপোর্টারঃ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার-এর ১২১তম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।দীর্ঘদিন ধরে গফরগাঁওয়ের সর্বস্তরের জনমানুষের প্রাণের দাবি ছিল এই নতুন উপজেলা গঠন। জানা গেছে, প্রাথমিকভাবে নতুন এই প্রশাসনিক অঞ্চলের নাম ‘আদর্শ নগর’ প্রস্তাব করা হলেও স্থানীয় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও নিজস্ব পরিচয় অক্ষুণ্ন রাখতে তা পরিবর্তন করা হয়। গফরগাঁওয়ের মাটি ও মানুষের আবেগকে সম্মান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু সাহেবের সর্বোচ্চ প্রচেষ্টায় হাজার বছরের চেনা ‘গফরগাঁও’ নামটি সম্পৃক্ত করে নতুন উপজেলার নামকরণ করা হয় ‘দক্ষিণ গফরগাঁও’। নতুন এই উপজেলা অনুমোদনের খবরে গফরগাঁও ও পাগলা থানা এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সাধারণ মানুষের আবেগের প্রতি সম্মান রেখে এই ঐতিহাসিক নামকরণের অগ্রণী ভূমিকা রাখায় সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘দক্ষিণ গফরগাঁও’ শুধু একটি নতুন প্রশাসনিক এলাকা নয়, এটি এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই অনুমোদনের মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বলে জানা যায়।




























