
‘নারায়ণগঞ্জের তীব্র যানজট, সড়ক ও ফুটপাত দখল, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলার সাংবাদিকেরা। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় পুলিশ সুপার ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে সাংবাদিকেরা বলেন, নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলের কারণে যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবন, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে পুলিশের কার্যকর ও ধারাবাহিক অভিযান প্রয়োজন।
সভায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে সাম্প্রতিক অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানানো হয়। সাংবাদিকদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পুলিশ সুপার বলেন, ‘আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। তথ্য পেলে আমরা দ্রুত অভিযান পরিচালনা করতে পারব। জনগণের আস্থা অর্জন ও তা সুদৃঢ় করতেই আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মো. হাবিবুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।’
প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।
সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, প্রেস ক্লাবের অন্যান্য নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।




























