
আকির হোসেন,মোহনগঞ্জ: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সর্বজনীন, সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান, ভাটি বাংলার বাতিঘরখ্যাত ‘মোহনগঞ্জ সাধারণ পাঠাগার’-এর উদ্যোগে এক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় পাঠাগার মিলনায়তনে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. সাজ্জাদুল হকের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মো. আলী মুসা জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে পাঠচক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাঠচক্রে উপস্থিত লেখক, কবি ও সাহিত্যানুরাগীরা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাঠচক্রের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নিয়মিত এ ধরনের আয়োজন বজায় রাখার তাগিদ দেন। আলোচনায় বক্তারা বলেন: “জ্ঞানের আলো ঘরে ঘরে, পাঠচক্রের অন্তরে। পাঠাগারের প্রাণ পাঠক, আর পাঠচক্র পাঠকের হৃদয়ে পাঠের তৃষ্ণাকে জাগিয়ে তোলে। তথ্য-উপাত্ত আদান-প্রদানের মাধ্যমে লেখকদের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত ও সমৃদ্ধ হয়। তাই সকলের সহযোগিতায় পাঠচক্র নিয়মিত করার মাধ্যমে সমাজে ইতিবাচক আলো ছড়াতে হবে।” অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও লেখক মো. নূরুল হুদা, সৃজনশীল শিক্ষক ও কবি মো. আলী মুসা জয়, কবি আরিফুল ইসলাম পিয়াস, জাহিন খান,মো. রফিকুল ইসলাম এবং আকির হোসেনসহ আরও অনেকে। আলোচনা শেষে উপস্থিত কবি ও লেখকেরা নিজ নিজ স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের আগামী মাসিক সভায় সুপারিশ হিসেবে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে সভাপতির সমাপনী ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে পাঠচক্রের সমাপ্তি ঘটে।





























