
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অর্থের বিনিময়ে সরকারি ইপিআই টিকা দেওয়ার অভিযোগে আফরোজা বেগম (৪০) নামে এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, আফরোজা বেগম অর্থের বিনিময়ে সরকারি ইপিআই কর্মসূচির টিকা দিচ্ছিলেন। এ সময় তাঁর কাছে বিভিন্ন রোগের টিকাও পাওয়া যায়। তবে এসব টিকা দেওয়ার জন্য তাঁর কোনো সরকারি অনুমোদন ছিল না।
দণ্ডপ্রাপ্ত আফরোজা বেগম শহরের উত্তর চাষাঢ়া এলাকার মৃত আমিনুল ইসলামের মেয়ে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ উদ্দিন বলেন, “সরকারি টিকা কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। অর্থের বিনিময়ে টিকা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”



























