
মোঃআজিজুর রহমান। নড়াইল জেলা প্রতিনিধি। আগামী ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় নড়াইল সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে নড়াইল জেলার ৩টি উপজেলা ও ২টি পৌরসভায় সর্বমোট ৯০ হাজার ৬০৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে: ৬ থেকে ১১ মাস বয়সী: ১১ হাজার ৮৪৪ জন শিশুকে নীল রঙের (১ লক্ষ আইইউ) ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী: ৭৮ হাজার ৫৬২ জন শিশুকে লাল রঙের (২ লক্ষ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে। নড়াইল সদর: ২৯,৭৩২ জন লোহাগড়া: ২৯,১৯২ জন কালিয়া: ২৫,৩৮৮ জন নড়াইল পৌরসভা: ৯,৮২৭ জন কালিয়া পৌরসভা: ২৩,৪৫৬ জন মাঠ পর্যায়ের প্রস্তুতি ও জনবল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় মোট ১ হাজার ২০টি কেন্দ্র স্থাপন করা হবে। যার মধ্যে ৯৬১টি নির্ধারিত কেন্দ্র, ৫টি অস্থায়ী কেন্দ্র এবং ৫৪টি অতিরিক্ত কেন্দ্র থাকবে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে মাঠ পর্যায়ে ২ হাজার ৮০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন স্বাস্থ্যকর্মী এবং ১২০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। সিভিল সার্জনের আহ্বান সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, “শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, জাতীয় এই কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। তিনি জেলার সকল অভিভাবককে আগামী ২৮ জুন তাদের নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।




























