
বিশেষ প্রতিনিধি : ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার সন্দিগ্ধ আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই কর্মী, মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত পুলিশ সুপার, ফেনীর নির্দেশনায় ফেনী মডেল থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফেনী সদর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মো. শাহ আলম (৫৬) ও সাইফুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ফাজিলপুর এলাকা থেকে ১৩ পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি প্রদীপ কুমার শর্মা (৪৩)-কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন, সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ছয়জন, পুলিশ আইনের ৩৪ ধারায় একজন এবং চুরি মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এ অভিযানে মোট ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ফেনী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




























