
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে গাঁজাসহ সাজু মিয়াকে আটক করা হয়। একই সময়ে দক্ষিণ বুড়াইল গ্রাম থেকে গাঁজাসহ আমজাদ হোসেন এবং কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি এলাকা থেকে গাঁজাসহ সম্রাট মিয়াকে আটক করা হয়।পরে আটক ব্যক্তিদের ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজু মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আমজাদ হোসেন ও সম্রাট মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।





























