
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পূর্বাঞ্চল ক্লাব লিমিটেডের আহ্বায়ক মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। শনিবার ক্লাবের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে নতুন নেতৃত্বের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন সদস্যরা।
বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মোর্ষেদ সারোয়ার সোহেল, সহসভাপতি মো. জাফর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগসহ ক্লাবের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে পূর্বাঞ্চল ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।




























