
মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):
বিয়েবাড়িতে গানবাজনা কিংবা উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর সুযোগ নেই। মসজিদের সামনে টাঙানো রয়েছে এ-সংক্রান্ত নিয়মকানুন। কেউ নিয়ম ভাঙার চেষ্টা করলে প্রথমে দেওয়া হয় সতর্কবার্তা। তাতেও কাজ না হলে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের একত্র করা হয়। এমনকি সাউন্ড বক্স জব্দ করে খালে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিয়ের আনন্দ-উৎসবের প্রচলিত আয়োজনের বাইরে এমনই এক ব্যতিক্রমী সামাজিক নিয়ম চালু রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে। দীর্ঘ আট বছর ধরে গ্রামটিতে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গানবাজনা নিষিদ্ধ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের সামাজিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আশপাশের মসজিদের মুসল্লিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা এ বিষয়ে নজরদারি করেন। কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গানবাজনার আয়োজনের খবর পাওয়া গেলে আসরের নামাজের পর মুসল্লিরা সেখানে গিয়ে আয়োজকদের সতর্ক করেন। এরপরও কেউ নিয়ম অমান্য করলে মাইকে ঘোষণা দিয়ে আশপাশের লোকজনকে জানানো হয়। পরে সম্মিলিতভাবে গানবাজনা বন্ধের উদ্যোগ নেওয়া হয়।
গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী, কৈখাইন এলাকায় বিয়ে কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে গানবাজনার আয়োজন করা যাবে না। তবে কেউ চাইলে গ্রামের বাইরে কোনো কমিউনিটি সেন্টারে গিয়ে এ ধরনের আয়োজন করতে পারবেন। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো বিয়ের অনুষ্ঠানে গানবাজনা হলে সংশ্লিষ্ট বিয়ে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্তও রয়েছে।
গ্রামের ৬২ বছর বয়সী বাসিন্দা মোহাম্মদ নূর মোহাম্মদ বলেন, আশপাশের মসজিদের মুসল্লিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁদের নেতৃত্বে সমাজের অসামাজিক কার্যকলাপ দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। গ্রামের মানুষ ঐক্যবদ্ধ থাকায় দীর্ঘ আট বছর ধরে এ নিয়ম চালু রাখা সম্ভব হয়েছে।
কৈখাইন শাহী জামে মসজিদের খতিব মাওলানা মঈন উদ্দিন বলেন, এ এলাকায় গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ নিয়ম অমান্য করলে মাইকে ঘোষণা দিয়ে তা প্রতিহত করা হয়। এ কারণে এলাকায় অনেক শান্তি বিরাজ করছে। সবাই ঐক্যবদ্ধ বলেই এমন উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।
মসজিদের সামনে টাঙানো নিয়মকানুন, মুসল্লিদের সম্মিলিত উদ্যোগ আর গ্রামবাসীর ঐক্য—এই তিনের সমন্বয়ে আট বছর ধরে গানবাজনামুক্ত সামাজিক পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে কৈখাইন গ্রামে।




























