
বিশেষ প্রতিনিধি:
কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আসলেন আওয়ামী লীগ নেতা এম শাহাদাৎ নবী খোকা। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের চন্দনাইশ উপজেলা শাখার কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার পিতা চন্দনাইশ পৌরসভা সদর হারলার কেরানীর বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নুরুন্নবী সওদাগর গত ১৬ আগস্ট (রোববার) ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। আজ সোমবার জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক খবর স্থানে দাফন করা হয়।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন পরবর্তী শাহাদাৎ নবী খোকাকে ঢাকা থেকে প্রেফতার হয়। এরপর থেকে তিনি ঢাকার গাজীপুর কারাগারে আটক ছিলেন। তার বিরুদ্ধে অজ্ঞাত আসামী হিসেবে মামলা রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এদিকে গত রোববার পিতার মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। পরে আবেদন মঞ্জুর হলে তাকে সাড়ে ১১ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। আজ সোমবার দুপুরে চন্দনাইশ থানার একদল পুলিশ তাকে চন্দনাইশের হারলা গ্রামের বাড়িতে নিয়ে আসে। মরহুম পিতাকে একনজর দেখার পর জানাজায় অংশ নেন তিনি। প্রায় এক ঘন্টা পর আইন অনুসারে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।





























