
মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মানুষ ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজে অতিষ্ঠ হয়ে পরেছেন । বিদ্যুৎ আসার কিছুক্ষণ পরই চলে যাচ্ছে। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ বিভ্রাটে অতিরিক্ত গরমের মধ্যে দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও অফিসের কার্যক্রমও। বড়বাইশদিয়া ইউনিয়নের ব্যবসায়ী মো. আল আমিন মৃধা, মো. রায়হান মাতুব্বর ও মো. বাদশা চৌকিদার বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় কম্পিউটার, ফটোকপি ও ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ ব্যাহত হচ্ছে। জেনারেটর ও ব্যাটারি ব্যবহার করতে গিয়ে বাড়ছে অতিরিক্ত খরচ। লো-ভোল্টেজ ও ভোল্টেজ ওঠানামায় বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। স্থানীয়রা বলেন, দুর্গম ও বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীতে দীর্ঘ অপেক্ষার পর বিদ্যুৎ সংযোগ এলেও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়নি। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান করে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে রাঙ্গাবালী পল্লী বিদ্যুতের এজিএম শ্রীকৃষ্ণ পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের মেইন লাইন ভোলা থেকে আসে। তারা যেভাবে বিদ্যুৎ সরবরাহ করে, আমরাও সেভাবেই রাঙ্গাবালীতে বিদ্যুৎ দিই। এখানে আমাদের কোনো সমস্যা নেই। স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যুৎ সরবরাহের সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




























