
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি ইকোনমিক জোনের সিটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে মোজাম্মেল প্রধান (৪৫) ও সাব্বির আহমেদ (১৮) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। রবিবার সাড়ে ৬ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্ববপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন, উপজেলার তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিল। হঠাৎ করে সকাল সাড়ে ৬ টার দিকে অটো রাইস মিলে ব্রয়লারের ভাট্টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে চারদিকে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মোজাম্মেল ও সাব্বির নামে দুই শ্রমিক দগ্ধ হয়। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
ব্রয়লার বিস্ফোরণের বিষয়ে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি এবং কোন প্রকার কথা বলতে রাজি হয়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।





























