
ফজলুল করিম, শেরপুর প্রতিনিধি:
অসহায় ও বয়োবৃদ্ধ সাজু শেখ এবং তাঁর গুরুতর অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শেরপুর জেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাঁদের দুর্দশার খবর পেয়ে সরাসরি উপস্থিত হয়ে সার্বিক খোঁজখবর নেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং অসুস্থ নুরজাহান বেগমের সুচিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে শেরপুরের 'আবেদীন হাসপাতাল'-এ ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে এই বয়োবৃদ্ধ দম্পতি সরকারি বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। এছাড়া তাঁদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।
এর আগেও জেলা প্রশাসকের নির্দেশনায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই দম্পতির বাড়ি গিয়ে খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত করেছিলেন।
জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে অভিভূত স্থানীয়রা। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। সাজু-নুরজাহান দম্পতির মতো সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে জেলা প্রশাসনের এই সার্বিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




























