
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকা থেকে কালু মিয়া (২০) নামে এক নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালিবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাদশা মিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার সকালে একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়ার সাথে মাছ ধরতে বাড়ি থেকে বের হন কালু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সকালে স্থানীয়দের মাধ্যমে কালুর মরদেহের খবর পান পরিবার। ঘটনার পরপরই জড়িত সন্দেহে অভিযুক্ত বাদশা মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
ঘটনা জানার পর শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




























