
মোঃকাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট’-এ এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, ঘটনার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। একপর্যায়ে শত শত মানুষ রেস্টুরেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় গড়ে ওঠা কিছু রেস্টুরেন্ট ও বিনোদনকেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। এলাকাবাসীর একাংশের দাবি, এসব প্রতিষ্ঠানে শিশু শ্রম, অনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ প্রায়ই শোনা যায়। সাম্প্রতিক এই ধর্ষণের অভিযোগ সেই ক্ষোভকে আরও উসকে দিয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, যথাযথ তদারকি ও নজরদারির অভাবে কিছু প্রতিষ্ঠান আইনের তোয়াক্কা না করেই নানা অনিয়ম চালিয়ে যাচ্ছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি জনবহুল এলাকায় অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা অবৈধ ও অনৈতিক কার্যক্রমে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে, পুরো এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ অব্যাহত রয়েছে। অভিযোগের সত্যতা এবং ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে তাকিয়ে আছে এলাকাবাসী।




























