
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে পুলিশের এক মাদকবিরোধী অভিযানে আট হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মুলাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।শ্রীপুর থানা পুলিশ জানায়, মুলাইদ এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী কাদেরকে আটক করা হয় এবং পরে তার হেফাজত থেকে ৮ হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।





























