
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে পুলিশের নিয়মিত টহল পার্টির বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, ২৭ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শ্রীপুর সদর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মোঃ আমির আলী বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস ওরফে 'জ্বীনের বাদশা', তারাউজিয়াল গ্রামের মুহিদুল ইসলাম চপল এবং আল হেলাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ বিশ্বাস অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তারা এলাকায় অনলাইন জুয়ার সাথে জড়িত ছিল।
শ্রীপুর থানা পুলিশ জানায়, আসামীদের মধ্যে আল হেলাল একটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। অপর দুই আসামি আব্দুল্লাহ বিশ্বাস ও মহিদুল ইসলাম চপলকে ১৫১ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া বলেন, "মহিদুল ইসলাম চপল ও আব্দুল্লাহ বিশ্বাসকে মারামারি সংক্রান্ত ঘটনায় রাতে আটক করে থানায় আনা হয়। আল হেলালকে ওয়ারেন্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"





























