
আবদুল কাদির,স্টাফ রিপোর্টার :
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন একটি গাড়ি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর/২৬) অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে গাড়িটির চাবি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নতুন গাড়ি যুক্ত হওয়ায় শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের জরুরি সাড়াদান, রাতের টহল এবং দূরবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। এর মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এ সময় জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। গাড়ির চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মতিউর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সেন্টু মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





























