
বাংলাদেশ বর্তমানে একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এ সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (৬ জুন) ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, নতুন বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা
তিনি আরও বলেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যেও সরকার কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের নাগালের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।
আলোচনায় কৃষি খাতে কৃষকদের স্বার্থ বিবেচনায় অর্থায়ন বৃদ্ধি, শিল্পখাতভিত্তিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, তেল, বিদ্যুৎ, পরিবেশ, রেমিট্যান্স এবং আমদানি-রফতানি খাতের বিভিন্ন সংকট, প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে মতামত তুলে ধরেন।
এছাড়া জ্বালানি সংকট, কর ব্যবস্থা, সিঙ্গেল উইন্ডো সেবা, ব্যাংকিং খাতের সংস্কার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো বাজেটে আলোচনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।







































