
রাজশাহী কেন্দ্রীয় কারাগার মিলনায়তনে শনিবার সকাল নয়টায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ) মো. উবায়দুল হক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ।
ভার্চ্যুয়ালি দেয়া স্বাগত বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি শিক্ষা বোর্ড, জেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কেন্দ্রের আওতাধীন সব মহাবিদ্যালয়ের সঙ্গে সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট ২০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের প্রতি আহ্বান জানান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "কোনো কেন্দ্র বা কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
চেয়ারম্যান সব পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সেই সাথে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে অভিভাবক ও শিক্ষকেরা যে পরিশ্রম করেছেন, সেজন্য তাঁদের অভিনন্দন জানান।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ইফফাত জেরীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (রেকর্ড ও সনদ) মো. মুঞ্জুর রহমান খান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং ৮টি জেলার ২০৮টি কেন্দ্র থেকে আসা ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।




























