
স্টাফ রিপোর্টার
জীবিকার তাগিদে সকালে হাওরে গিয়েছিলেন ৩০ বছর বয়সী নজির হোসেন আখঞ্জী।পরিবারের জন্য জীবনের লড়াইয়ে নামা সেই যুবক আর ঘরে ফিরলেন না। মুহূর্তের বজ্রপাতে নিভে গেল একটি তরতাজা প্রাণ। তাঁর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবার,আর শোকে স্তব্ধ হয়ে যায় পুরো তরং গ্রাম।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সংসার হাওরে বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তরং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।শনিবার (২৭ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো শনিবার সকালেও জীবিকার প্রয়োজনে সংসার হাওরে যান নজির হোসেন। হাওরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নজিরের আকস্মিক মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। একজন পরিশ্রমী ও কর্মঠ যুবকের এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ,বর্ষা মৌসুমে হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও মাঠে ও হাওরে কর্মরত মানুষের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা ও সচেতনতা এখনও নিশ্চিত হয়নি। তারা হাওরাঞ্চলে বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষায় আগাম সতর্কবার্তা,নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং কার্যকর জনসচেতনতামূলক উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন।




























