
মোঃ এনামুল হক তালা( সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে ৬ পিস ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাইন মোড়ল হাজরাকাটি গ্রামের মৃত জহর মোড়লের ছেলে। বর্তমানে তিনি আটারই গ্রামে বসবাস করেন। স্থানীয় সূত্রে জানা যায়, হাজরাকাটি পূর্বপাড়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান গ্রাম পুলিশ শেখ সোহেল। অভিযানকালে মোস্তাইন মোড়লকে ৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সহযোগী আটারই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে বিষয়টি খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) আব্দুল হালিমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে মোস্তাইনকে ইয়াবাসহ হেফাজতে নিয়ে যান। এ বিষয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান, ইয়াবাসহ মোস্তাইনকে ক্যাম্পে আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





























