
মোঃ এনামুল হক তালা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার-কীটনাশক তৈরির অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল কৃষি উপকরণ জব্দ করেছে র্যাব-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লাউতাড়া গ্রামের মশিয়ার রহমান মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত), সিপিসি-১, র্যাব-৬, সাতক্ষীরা। র্যাব সূত্রে জানা যায়, অভিযানে বাড়ি থেকে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা কার্ডন প্লাস, নেচার অ্যান্ড কেয়ার অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ক্যাটলিন, এবিসি এগ্রোভেট ডিভিশনের সুলবেন, আল-কেমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিস কার্ব, পাওয়ার শট, এমি-টপ, পাইডিনো প্লাস, উইনকডসহ বিভিন্ন পণ্য রয়েছে। অভিযোগ রয়েছে, এসব নকল পণ্য বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হতো। অভিযুক্ত মশিয়ার রহমান মোড়ল লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি মেসার্স জাকির ট্রেডার্সের আওতাধীন তেতুলিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডের সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান শেষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাতের দায়ে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল কৃষি উপকরণ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। নকল ও ভেজাল কৃষি উপকরণ ব্যবহারের ফলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কৃষি উপকরণের মান নিশ্চিত করতে এবং নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জি, এম , শাওন।




























