
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ একটি মাদক মামলায় মোঃ নয়ন মিয়াকে (৩০) ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত নয়ন মিয়া উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জুন রাত ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নয়ন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে উলিপুর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নয়ন মিয়া বাড়ির পশ্চিম দিক দিয়ে মাদক নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তার বাড়ির পশ্চিম দুয়ারী চৌচালা টিনের হাফ বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের শয়নকক্ষে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে বিছানার বালিশের নিচ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গতকাল ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক।
আদালতের এ রায়ে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয়রা।



























