
মোঃ ফখর উদ্দিন, স্টাফ রিপোর্টার:
উপজেলা প্রেসক্লাব, সেনবাগের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সেনবাগ পৌর এলাকার মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৫ জন শিক্ষার্থী সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় এবং ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা প্রেসক্লাব, সেনবাগের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগুয়া এম.এ. আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম.এ. আজিম চৌধুরী।
উপজেলা প্রেসক্লাব, সেনবাগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন ও জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন অনুষদের ডিন ড. আবদুল কাইয়ুম মাসুদ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হযরত আলী মিলন, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এম. দলিলুর রহমান এবং এম.এ. আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবু ইউসুফ মজুমদার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব, সেনবাগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও মো. হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনোয়ারুল হক, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশারসহ অনেকে।
বিচারক প্যানেলের মূল্যায়নে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ২০ জন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ১৫ জন কৃতি শিক্ষার্থী নির্বাচিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাব, সেনবাগ আয়োজিত সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।




























