
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে মাকসুদা আক্তার টুনি (৩৮) নামের এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাতে টঙ্গীর কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত টুনি গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেকের স্ত্রী।পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ মাদক কারবারি টুনি কেরানিরটেক এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৯টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত টুনির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





























