
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার খুনুয়া গ্রামের বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ সাজু শেখ ও তাঁর স্ত্রীর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের লক্ষ্যে এবার তাঁদের ছোট ছেলেকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উপহার দিয়েছে শেরপুর জেলা প্রশাসন।
কোনো ব্যক্তিগত সহায়তার জন্য অপেক্ষা না করে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন নিজে সাজু শেখের বাড়িতে উপস্থিত হয়ে এই ভ্যানগাড়িটি তাঁদের হাতে তুলে দেন। ভ্যানগাড়ির পাশাপাশি বৃদ্ধ দম্পতির জন্য নতুন কাপড় উপহার দেওয়া হয়।
এর আগে সাজু শেখের জরাজীর্ণ ঘরটি মেরামতের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে টিনসহ প্রয়োজনীয় অন্যান্য নির্মাণসামগ্রী ইতোমধ্যে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
উপহার হস্তান্তরকালে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন জানান, পরিবারটির স্থায়ী উপার্জনের পথ তৈরি করতেই তাঁদের ছেলেকে এই ব্যাটারিচালিত ভ্যান কিনে দেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারটি স্বাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসনের এই মানবিক ও দ্রুত পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাজু শেখ ও তাঁর পরিবার।




























