
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ মোঃ শফিকুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যোগদানের পর নবাগত এই কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মান আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি মুরাদনগর উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
যোগদান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও অন্যান্য স্টাফদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর যোগদানের ফলে মুরাদনগরের চিকিৎসা সেবায় নতুন গতি আসবে এবং উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সুধীসমাজ।




























