
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চান্দারপাড়া থেকে দাসপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কটিতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় চান্দারপাড়া ও দাসপাড়া গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা পড়েছেন বিপাকে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সড়কের আঃ মোমিনের বাড়ি থেকে চান সরকারে বাড়ির মাঝামাঝি অংশের মাটি ও ইটের গাঁথুনি ব্যাপকভাবে ধসে গিয়ে সেখানে গভীর খাদ সৃষ্টি হয়েছে। ফলে ওই অংশ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। স্থানীয়দের কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ধসে যাওয়া অংশের পাশ দিয়ে হেঁটে চলাচল করছেন।
এদিকে, সড়কটির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার ধুনট পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা মোঃ সুরুজ সরকার ও মোছাঃ রোজিনা অভিযোগ করে বলেন, অতিবৃষ্টির পর সড়কের ওই স্থানে প্রথমে ছোট গর্তের সৃষ্টি হলে বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সড়কের এই অংশটি ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো না।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জহুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন এবং স্থানীয় প্রতিনিধি মোঃ সাইদুল ইসলামসহ এলাকাবাসী দ্রুত সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন।
সড়কটির বর্তমান অবস্থা ও সংস্কারের বিষয়ে কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু বলেন, বৃহস্পতিবার তারা ক্ষতিগ্রস্ত স্থানটি সরেজমিনে পরিদর্শন করে সড়কের সার্বিক ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেছেন।
পরে মুঠোফোনে ধুনট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাজেদী হক বলেন, “উক্ত স্থানটিতে টেকসই সংস্কারের জন্য প্রয়োজনীয় সব দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত রাস্তাটি মেরামতের কাজ শুরু হবে।”
সড়কটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ড্রেন নির্মাণ হলে দুই গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে বলে আশা করছেন স্থানীয়রা।




























