
শাহিন মিয়া অষ্টগ্রাম প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মধ্য অষ্টগ্রামের সোনাই দিঘীর পশ্চিমপাড় এলাকায় এই হামলায় একই পরিবারের নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানাযায়।
প্রতক্ষদর্শীরা জানান, এসময় হামলাকারীরা ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকাসহ ছয় লক্ষাধিক টাকারমালামাল লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী লায়েছ মিয়া (৪২) বাদী হয়ে একই এলাকার আমির আলী (৬০) ও তার ৫ ছেলেসহ ৮ জনের নাম উল্লেখ করে অষ্টগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনাই দিঘীর পশ্চিমপাড় এলাকার বাসিন্দা মৃত রজু মিয়ার ছেলে লায়েছ মিয়ার সাথে আমির আলী ও তার ছেলেদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (১০ জুন) বিকেলে বিবাদী আমির আলীর নির্দেশে তার ছেলেরা সহযোগীদের নিয়ে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে লায়েছ মিয়ার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীদের আঘাতে লায়েছ মিয়াসহ তার স্ত্রী দ্বীপা আক্তার (৩২), মা রাবিয়া খাতুন (৬০), আত্মীয় ঝরেনা আক্তার (৩৮), আরিফ মিয়া (২৫) এবং করুনা আক্তার (৩০) গুরুতর আহত হন।
এই বিষয়ে অষ্টগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুকনুজ্জামান এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




























