
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। এ উপলক্ষে বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন থাকবে। কর্মসূচির সূচনা হবে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন চত্বর থেকে শহীদ আবু সাঈদ চত্বরে র্যালির মাধ্যমে। র্যালির আয়োজন করবে পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তর এবং পরিবেশ, ক্যাম্পাস ওয়েলফেয়ার ও নিরাপত্তা কমিটি। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির ও অন্যান্য উপাসনালয়েও শহীদ ও আহতদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিকেলে ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টা ২০ মিনিটে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা এবং বিকেল ৫টা ৪০ মিনিটে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আরেকটি প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামের এলইডি জায়ান্ট স্ক্রিনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার ঘোষিত অন্যান্য কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়েও প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দিবসের সব কর্মসূচি সফল করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।




























