
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. আব্দুল হাকিম ওরফে লিটন (৩৫)। তিনি ধুনট থানার নিমগাছী পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন সাকিদারের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকার পর ধুনট থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তিনি ধরা পড়েন।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাকিমের বিরুদ্ধে ২০১০ সালে ধুনট থানায় করা তিনটি আলাদা হত্যা মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল। মামলাগুলোর মধ্যে রয়েছে ২০১০ সালের ৭ ডিসেম্বরের ৩ নম্বর মামলা, ২৭ নভেম্বরের ১৪ নম্বর মামলা এবং ২২ মে দায়ের করা ১৬ নম্বর মামলা। প্রতিটি মামলাতেই দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগসহ ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ যুক্ত রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশ পাহারায় এই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুভ্র/





























