
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় গাইবান্ধায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান এবং জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতিবিরোধী জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া সরকারের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং জনগণের অংশগ্রহণমূলক প্রচার কার্যক্রম সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করা হয়। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।




























