
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জেলা যুবলীগের এক সাংগঠনিক সম্পাদককে আটক করা হয়েছে। পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জুম্মা নামাজ পর দুপুর আড়াইটার সময় গাইবান্ধা সদর থানাধীন পৌরসভার ৩ নং ওয়ার্ডের খানকাশরীফ (চকমামরোজপুর) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন গাইবান্ধা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান (৪৬)। তিনি মৃত আব্দুর রউফ ও মৃত মজিরন নেছার ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটকের কারণ জানতে চাইলে পুলিশ জানায় রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





























