
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় নির্মাণাধীন বাড়ির জন্য খোড়া গর্তে পড়ে দুই শিশু ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহত শিশু দুজন হলেন কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ মাজারের পাড় এলাকার আব্দুল কাজী ও ছকিনা বেগমের নাতনী রুশামনি (১২) ও কাইফ বাবু (৫)।
আজ বুধবার বাদ জোহর এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায়, আব্দুল কাজী ও ছকিনা বেগম চাকরি করার সুবাধে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকে। ঈদের ছুটিতে নানি ছকিনা বেগম মঙ্গলবার ঢাকা থেকে বাড়িতে আসার পথে বড় মেয়ের বাড়ি রংপুর শহরের পান্ডার দিঘিতে যান।
সেখান থেকে দুই নাতি ও নাতনিকে নিয়ে বাড়িতে আসে। স্থানীয় কসাই নুর ইসলাম বলেন আজ বৃহস্পতিবার দুপুরে নাতি-নাতনীদের জন্য আমার দোকান থেকে আদা কেজি মাংস নিয়ে যান ছকিনা। তখন দুই নাতি-নাতনি তার সংগে ছিল। তিনি বলছিলেন মাংস পাক করে তাদের খাইয়ে বাড়ি পাঠিয়ে দিবো। মাংস নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে চিল্লা পাল্লা শুরু হয়। এগিয়ে গিয়ে দেখতে পাই বাচ্চা দুটোকে পানি থেকে লোকজন উঠাচ্ছে।
এলাকাবাসী জানান স্থানীয় সাইফুল দোকানদারের মেয়ে দৌড়ে এসে তাদের দুজনকে পানিতে পড়ে যাওয়ার কথা বলে। এরপর লোকজন দৌড়ে গিয়ে পানি থেকে দুজনকে উঠায়। পরে দুজনকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এলাকাবাসীর ধারনা খেলতে গিয়ে পায়ে কাদা লাগলে হয়তোবা কাইফ বাবু পা ধুতে গেলে পানিতে তলিয়ে যায়। এসময় বড় বোন রুশা মনি ছোট ভাইকে তুলতে গেলে সেও তলিয়ে যায়। এব্যাপারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




























