
টাঙ্গাইলের দেলদুয়ারে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২৫টি পরিবারের মধ্যে ২৫০টি উন্নত জাতের মুরগির বাচ্চা বিনা মূল্যে বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) টাঙ্গাইল-১। একই সঙ্গে উপকারভোগী নারীদের মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (৯ জুন) সকাল ১০টায় ব্র্যাকের দেলদুয়ার শাখা কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান মুরগির বৈজ্ঞানিক পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ দেন।
তিনি বলেন, সঠিকভাবে মুরগি পালন করতে পারলে পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি ডিম ও মুরগি বিক্রির মাধ্যমে নারীদের আয় বাড়বে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক টাঙ্গাইল-১ এর আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিৎ কুমার পাল, ব্র্যাক জেলা কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ, এলাকা ব্যবস্থাপক লুৎফা বেগম, ক্রপ ইনস্যুরেন্স ও সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মো. সাজু মিঞা।
ব্র্যাক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার ২৫টি পরিবারের প্রত্যেককে ১০টি করে মোট ২৫০টি উন্নত জাতের মুরগির বাচ্চা দেওয়া হয়েছে। পাশাপাশি এসব পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শও প্রদান করা হচ্ছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্তৃপক্ষ জানায়, প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবারে প্রাণিজ আমিষের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে তারা আশা করছেন।




























