
শফিকুল স্টাফ রিপোর্টার ঃ ঈদুল আজহার দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)। আজ দিনব্যাপী মহানগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান এই বর্জ্য অপসারণ কার্যক্রম সশরীরে মাঠপর্যায়ে উপস্থিত থেকে পরিদর্শন ও তদারকি করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সরেজমিনে পরিদর্শনকালে গাসিক প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত বর্জ্য সরানোর তাগিদ দেন এবং নাগরিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। তিনি জানান, পূর্বঘোষিত সময়ের মধ্যেই নগরের সব বর্জ্য অপসারণ করে গাজীপুরকে একটি গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে কর্পোরেশন বদ্ধপরিকর।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে প্রায় ১,২০০ পরিচ্ছন্নতাকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিচ্ছন্ন কাজের সুবিধার জন্য প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পলিব্যাগ, ব্লিচিং পাউডার এবং জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এছাড়া ছুটির দিনে কাজ করা কর্মীদের জন্য বিশেষ মজুরি, দুই বেলার খাবার এবং ৩ কেজি করে কোরবানির মাংস প্রদানের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী।




























