
জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি | গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সীমান্তসংলগ্ন সংগ্রামপুঞ্জি এলাকার বাসিন্দা ও সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং তার বিরুদ্ধে জাতীয় দৈনিক যুগান্তর-এ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তাকে সীমান্ত এলাকার চোরাচালানচক্র, সীমান্ত অপরাধ এবং জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। প্রতিবাদলিপিতে প্রকাশিত প্রতিবেদনের একটি তথ্য সংশোধন করে স্টেলিন তারিয়াং বলেন, প্রতিবেদনে নিরোলা থমসন (জমিদারনী)-কে তার মা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি জানান, নিরোলা থমসন তার মা নন; সম্পর্কে তিনি তার ফুফু। নিজের অবস্থান তুলে ধরে স্টেলিন তারিয়াং বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি বা তার পরিবারের কোনো সদস্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কখনো জড়িত ছিলেন না। তিনি এ ধরনের বিভ্রান্তিকর ও অপতথ্যভিত্তিক সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে ভবিষ্যতে যথাযথ তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এদিকে, স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাদের ভাষ্য, স্টেলিন তারিয়াং একজন পরিচিত রাজনৈতিক কর্মী ও সমাজসেবী। তাদের দাবি, তাকে কখনো কোনো অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে দেখা যায়নি। বরং তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।




























