
মোতালেব হোসেন(কুমিল্লা)।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’।মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসন ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে সকালে কুমিল্লা কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা জেলা থেকে অংশগ্রহণকারীরা যুক্ত হন।আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতারের সভাপতিত্বে র্যালি ও মেলার উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। অটোমেশন ব্যবস্থার ফলে ভূমি সেবা এখন আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হয়েছে। ভূমি সেবা মেলার মাধ্যমে নাগরিকরা সরাসরি তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন, ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়াই এ মেলার প্রধান উদ্দেশ্য। তিনি জানান, মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন সেবা গ্রহণ পদ্ধতিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণকে ধারণা দেওয়া হবে এবং তাৎক্ষণিক সেবাও প্রদান করা হবে।তিনি আরও বলেন, আগামী ২১ মে পর্যন্ত চলমান এই মেলায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ভূমি সেবাকে আরও স্বচ্ছ, সহজ ও নাগরিকবান্ধব করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, পুলিশ সুপার আনিসুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, এনডিসি মো. আসিফুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।





























