
। জুয়েল হাওলাদার, শরণখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন ও স্থানীয় সমস্যার সমাধানে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সিভিএ ওয়ার্কিং গ্রুপ। এতে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শরণখোলা এপি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিএ ওয়ার্কিং গ্রুপের সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপির ম্যানেজার ক্যারোল সুশ্রী এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার আগস্টিন মিস্ত্রি। এছাড়াও উপজেলার চারটি ইউনিয়নের সরকারি প্রতিনিধি, ইউনিয়ন সচিব, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি, স্বাস্থ্য সুরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক এবং সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় স্থানীয় কমিউনিটি ক্লিনিকগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে তা সমাধানের লক্ষ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এ সময় বিভিন্ন এলাকার অংশগ্রহণকারীরা কমিউনিটি ক্লিনিকের নানা সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করার আগ্রহ ও সম্মতি প্রকাশ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতির পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয় এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।





























