
মোঃ জনি হোসেন করিমগঞ্জ প্রতিনিধিঃ
করিমগঞ্জে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত হাফিজের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে মাদক সেবন এবং সঙ্গে দুই পিস ইয়াবা রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারার অপরাধে একই আইনের ৩৬(৫) ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





























