
আবদুল কাদির,স্টাফ রিপোর্টার :
পুলিশের কার্যক্রম সম্পর্কে জানতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আগ্রহ নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় গেছেন পাঁচ কলেজছাত্রী। থানা পরিদর্শনের পাশাপাশি তাঁরা বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর/২৬) ঈশ্বরগঞ্জ থানায় গিয়ে ছাত্রীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের সঙ্গে পরিচিত হন। পরে ওসির সঙ্গে থানার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তাঁরা।
এ সময় ওসি ছাত্রীদের থানার বিভিন্ন দপ্তর, হাজতখানা এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা কক্ষ ঘুরিয়ে দেখান। পাশাপাশি এসব কক্ষের কার্যক্রম ও সেবা সম্পর্কে তাঁদের ধারণা দেন।
থানা পরিদর্শন করা পাঁচ ছাত্রী হলেন ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মীম আক্তার (১৬), সুমাইয়া আক্তার (১৬), মিতু আক্তার (১৬), লিমা আক্তার (১৬) ও মীম (১৭)।
পুলিশের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ থেকে তাঁদের এ উদ্যোগ। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং তরুণ প্রজন্মের কাছে পুলিশের কার্যক্রম সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।





























