
।মোতালেব হোসেন(কুমিল্লা) কুমিল্লার মুরাদনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর থানার দড়ানীপাড়া গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় খালেদা আক্তার (৭০) ও তাঁর ভাতিজা মঞ্জুরুল আলম ওরফে টিটুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।ঘটনার পর মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর বাদশাহ মিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।মামলার মূল আসামি মোস্তাক আহমেদ আবু ট্রেনে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেনে তল্লাশি চালিয়ে রেল পুলিশের সহায়তায় ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজন হলেন— মো. মোস্তাক আহমেদ ওরফে আবু (৫৮), হুমায়রা বেগম (৪৫) ও ইতি (১৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ লুৎফর রহমান।



























