
স্টাফ রিপোর্টারঃ (৩১ জুলাই ২০২৬): অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মানববন্ধন এবং স্মারক আলোচনা সভা। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর মিরপুরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শরিফ আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, ব্যারিস্টার মেজর (অব.) সারোয়ার হোসেন, মেজর (অব.) হারুনুর রশীদ, কর্নেল (অব.) জগলুল এবং কর্নেল (অব.) আজিজ।স্মরণ সভায় বক্তাগণ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে মেজর সিনহার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে মেজর সিনহা হত্যাকাণ্ডের আসামিদের ফাঁসির রায় অতি দ্রুত কার্যকর করতে হবে। দেশের মানুষ এই রায় বাস্তবায়নের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছে।




























