
আকির হোসেন,মোহনগঞ্জ:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারে আজ আনুমানিক সকাল ১০:৩০ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের একটি মনোহারী দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে দোকানের ভিতরে থাকা মালামাল পুড়ে আনুমানিক ১,৫০,০০০ (দেড় লাখ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গাগলাজুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে রামিম মিয়া।
হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান, তবে মুহূর্তের মধ্যেই দোকানের কাঁচামালসহ সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে যায়। তবে আগুন কীভাবে লেগেছে তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি।
হঠাৎ এই দুর্ঘটনায় নিঃস্ব হয়ে পড়া ভুক্তভোগী ব্যবসায়ী রামিম মিয়া ও তার পরিবার এখন চরম সংকটে পড়েছেন।




























