
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় অপহরণের শিকার পাঁচ বছর বয়সী শিশু জায়ানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত বুধবার (১৭ জুন) দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় গ্যারেজ মালিকের ছেলে জায়ান। পরে পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ সময় শিশুটির বিছানার ওপর থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে লেখা একটি চিরকুট পাওয়া গেলে অপহরণের বিষয়টি নিশ্চিত হয় পরিবার।
নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে শিশুটির বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা নামে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বজনদের অভিযোগ, মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এমনকি অভিযুক্তদের কয়েকজন পরবর্তীতে শিশুটিকে খোঁজার নাটকেও অংশ নেয়।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।




























