
মোঃ ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তাঁরা ফুফু ও ভাতিজা।নিহতদের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে টিটু ও খালেদা আক্তারকে গুরুতর আহত করা হয়।পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম এবং আরেক স্বজন মো. শফিকুল ইসলাম জানান, জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাঁরা দাবি করেন।গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে উপস্থিত হয়। সেখানে দুটি মরদেহ পাওয়া যায়। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।ঘটনার বিস্তারিত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।




























