
রাণীনগর (নওগাঁ) উপজেলা সংবাদদাতা: নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭৩ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ প্রমূখ।
বাইসাইকেল বিতরণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে যাতায়াত আরও সহজ ও গতিশীল হবে। মাঠপর্যায়ে গ্রামে গ্রামে মাদক, বাল্যবিবাহ, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করতে তারা আরও সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।




























