
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- রাম দা, হকিস্টিক, লোহার পাইপসহ হাতে তৈরি বিভিন্ন দেশীয় অস্ত্র।
শনিবার সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পন্ডিত বাড়ি পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীপুর গ্রামের কয়েকজন লোক সকালে মাছ ধরার জন্য পুকুরে নামেন। এসময় পানির নিচে পায়ের মধ্যে বড় আকৃতির একটি ভারী বস্তার হোচট লাগলে তারা সেটি পানি থেকে তুলে পুকুরের পাড়ে তুলে আনেন। পরে এলাকাবাসী মুরাদনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকাবাসীর সামনে পরিত্যক্ত বস্তা খুলে দেশীয় অস্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।





























